বদলাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, বাড়ল কত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় চলার পর অবশেষে বদল আসছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায়। বহুল প্রতীক্ষিত নবম

2026-08-31T20:14:26+06:00
2026-08-31T20:16:08+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বদলাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, বাড়ল কত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ২)
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় চলার পর অবশেষে বদল আসছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায়। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রারম্ভিক মূল বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন গ্রেডে প্রারম্ভিক বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে বর্ধিত বেতন একবারে নয়, ধাপে ধাপে দেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধিই নয়, প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান’ ভাতাও চালুর প্রস্তাব রাখা হয়েছে। যোগ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা করে এ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬-এ ১ম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। ১২তম গ্রেড থেকে নিচের গ্রেডগুলোতে বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে ১১৫ শতাংশ থেকে শুরু করে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বাড়ানো হয়েছে।

নতুন কাঠামোয় ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার এবং ৪র্থ গ্রেডে ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা হয়েছে।

৫ম গ্রেডে প্রারম্ভিক বেতন ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার এবং ৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা হয়েছে।

৯ম গ্রেডে ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে।

এরপর ১২তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার, ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার এবং ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা হয়েছে। ১৫তম ও ১৬তম গ্রেডে যথাক্রমে ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ এবং ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে।

১৭তম গ্রেডে ৯ হাজার থেকে বেড়ে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার এবং ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা হয়েছে। সর্বশেষ ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২০ হাজার টাকা।

মন্ত্রিসভার অনুমোদনের পর এখন নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি যাচাই ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা ও সম্ভাব্য ব্যয় নিয়েও সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

২০১৫ সালে সর্বশেষ জাতীয় বেতন কাঠামো চালু হওয়ার পর প্রতিবছর মূল বেতন ৫ শতাংশ হারে বাড়ানো হলেও নতুন কোনো পে স্কেল দেওয়া হয়নি। ফলে প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ওই কাঠামোর ভিত্তিতেই নির্ধারিত হয়ে আসছে।

নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এর আওতায় আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি প্রায় ৯ লাখ পেনশনভোগীও নতুন কাঠামোর সুবিধা পাওয়ার প্রত্যাশায় রয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামোর প্রভাব পড়বে।

মন্ত্রিসভার অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন প্রজ্ঞাপন জারি ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শেষ হওয়ার অপেক্ষা।

ডেল্টা টাইমস / আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ