প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
দেশকে বাঁচাতে দুর্নীতি, মাদক ও জুয়া বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবাইকে কঠোরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, তদারকি ঘরে বসে হয় না, জনগণের কাছে যেতে হবে। সিভিল সার্জন, ওসি ও ডিসিকে মাঠে নেমে কাজ করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকলেও কোটি কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কেনা হয়েছে, যার অনেকগুলো অব্যবহৃত পড়ে আছে।
তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল এবং প্রতিটি ইউনিয়নে একটি করে হেলথ সেন্টার করার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ প্রয়োজনীয় জনবল থাকবে।
মতবিনিময় সভায় মানিকগঞ্জের তিন সংসদ সদস্যসহ জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/ আরএফ