৩০ শতাংশ দিয়ে পে-স্কেল শুরুর ইঙ্গিত, বেতন বাড়বে ৪ ধাপে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল আগামী দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে শুরুতেই মূল বেতন ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। মূল্যস্ফীতি ও সরকারের বাজেটের ওপর চাপ কমাতেই ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) নতুন পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতেই বাস্তবায়নের এই কৌশল নেওয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব থাকতে পারে। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার সুপারিশ করা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
সুপারিশ বাস্তবায়ন তদারকিতে ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।
গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে।
এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে। কাজ শেষ হলে তা দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।
ডেল্টা টাইমস/আরএফ