অন্যায় নির্দেশ পালনকারীদের চাকরি ছাড়ার হুঁশিয়ারি পর্যটনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালন করা কর্মকর্তাদের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম

2026-08-31T16:39:40+06:00
2026-08-31T16:39:40+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

অন্যায় নির্দেশ পালনকারীদের চাকরি ছাড়ার হুঁশিয়ারি পর্যটনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালন করা কর্মকর্তাদের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, স্বৈরাচারের দোসররা নিজেদের চরিত্র পরিবর্তন করতে না পারলে তাদের আর চাকরি করার দরকার নেই।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ-সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি তাদের চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।’

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল পেছনে ফেলে নতুনভাবে কাজ শুরু করতে হবে। বিগত ২০ বছরের ক্ষতি আগামী পাঁচ বছরে পূরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আর পেছনে তাকাতে চাই না।’

সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন মন্ত্রী। মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগের কথা জানিয়ে তিনি বলেন, জামিনে গিয়ে অপরাধীরা যাতে পার না পায়, সে বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এ সময় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের সড়ক সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে স্বল্প খরচে তিন লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন প্রমুখ।

সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পর্যটনমন্ত্রী। এ সময় সরকারের উন্নয়ন ও সুশাসন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

ডেল্টা টাইমস/আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ