দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং পরবর্তী সময়ে সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন কাঠামো ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পাওয়ায় এখন নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেল কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ওপর চাপ বিবেচনায় বর্ধিত বেতন ও বকেয়া পাওনা একসঙ্গে পরিশোধ না করে ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা রাখা হতে পারে।
অর্থাৎ, ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও এর আর্থিক সুবিধা বাস্তবে পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় লাগতে পারে।
২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত ছিল ৭৮ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা।
নবম পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন কাঠামোতে গড়ে ১০০ শতাংশের বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে।
তবে কোন গ্রেডে কত টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে, তা সরকারি প্রজ্ঞাপন জারির পরই স্পষ্ট হবে। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নজর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের দিকে।
অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর সরকারি প্রজ্ঞাপন ও গেজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন পে-স্কেলের গ্রেডভিত্তিক মূল বেতন, ভাতা, কার্যকর তারিখ এবং বকেয়া পরিশোধের বিস্তারিত কাঠামো পরিষ্কার হবে।
নবম পে-স্কেল বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বাড়বে। একই সঙ্গে এর প্রভাব পড়বে সরকারি চাকরিজীবীদের পেনশন, অবসর-পরবর্তী সুবিধা এবং সরকারের বার্ষিক ব্যয়েও।
ডেল্টা টাইমস/ আরএফ