প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। তবে এবার কোনো পণ্যের দাম বাড়ানো বা কমানো হয়নি। ফলে সেপ্টেম্বরজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের আগের নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।
নতুন মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণের কথা জানানো হয়।
এর আগে সর্বশেষ গত জুনের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। ওই সময় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়। পরবর্তী সময়ে জুলাই ও আগস্ট মাসেও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
সরকার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের জন্যও নতুন করে মূল্য পর্যালোচনা করা হলেও আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হবে।
ডেল্টা টাইমস/আরএফ