প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম আপডেট: ৩১.০৮.২০২৬ ৩:২৩ পিএম (ভিজিট : ২)

ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ করা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে এসব ভোটারই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির পর তালিকাটি চূড়ান্ত করা হয়েছে।’
ইসি জানিয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে দাবি জানাতে ফরম-৬, কোনো ভোটারের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানাতে ফরম-৭ এবং তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য ফরম-৮ এর মাধ্যমে আবেদন নেওয়া হয়।
ইসির নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদনের ওপর শুনানি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। পরবর্তী সময়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করে ২৮ আগস্টের মধ্যে তালিকা হালনাগাদ করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এরপর নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
এ ক্ষেত্রে প্রথম দিকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে কমিশন। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও আয়োজন করা হবে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে অপেক্ষা বাড়ছে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের মধ্যে।
ডেল্টা টাইমস/ আরএফ