আগামীকাল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, কে হবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও

2026-08-12T20:41:55+06:00
2026-08-12T20:41:55+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, কে হবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ০)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার ( ১২ আগস্ট ) রাতে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ ছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও বিভিন্ন মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনা রয়েছে।

তবে শেষ পর্যন্ত কে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাবেন, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানই নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার ঘোষণা এসেছে। জোটটির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কথা জানানো হয়েছে।

তবে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন। ফলে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 











  এই ক্যাটেগরির আরো সংবাদ