প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৭:১৪ পিএম (ভিজিট : ১০)

সংগৃহীত ছবি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বাড্ডায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, অসুস্থ অবস্থায় আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং পরবর্তী সময়ে তার মরদেহ দেশে আনার ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক ও বিয়োগান্তক।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, ‘ আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়ে ক্রীড়া সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ক্রীড়াকে এমন একটি পেশা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যাতে দেশের তরুণরা ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে স্বাবলম্বী হতে পারেন। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। ’
তিনি বলেন, ‘ ক্রীড়াক্ষেত্রে কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সরকার তার অবদানের যথাযথ মূল্যায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদানের স্বীকৃতি আরও সুসংহত হবে।’
কোকোর স্মৃতিচারণ করে এম এ কাইয়ুম বলেন,‘ আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মরদেহ দেশে আনার সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি ছিলেন।’
তিনি বলেন, ‘ওই সময় খালেদা জিয়াকে বালু ও কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে একজন মায়ের কোলে তার সন্তানের লাশ তুলে দেওয়া অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ছিল।’
ড. এম এ কাইয়ুম বলেন, ‘মায়ের কোলে সন্তানের লাশ, এটি ছিল শেখ হাসিনার প্রতিহিংসার বহিঃপ্রকাশ।’ পৃথিবীর বিভিন্ন বিয়োগান্তক ঘটনা ও ট্র্যাজেডিকেও এই ঘটনাটি ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে। তিনি ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না হয়ে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন। তার জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ডেল্টা টাইমস/ আরএফ