প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম (ভিজিট : ৬)

রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ, ছবি: প্রেস উইং
সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ জোরদারের তাগিদ দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে বাহিনীকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সীমান্ত সুরক্ষায় বিজিবির আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সীমান্ত নজরদারি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এ ক্ষেত্রে বিজিবির প্রয়োজনীয় উদ্যোগে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রাষ্ট্রপতি একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবিকে দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডেল্টা টাইমস/ আরএফ