বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই

2026-08-11T20:22:15+06:00
2026-08-11T20:22:15+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে গেলে ইছাখালী গ্রামের আব্দুল মান্নান (৬৫) নামে এক কৃষককে বিএসএফের নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল আটক করে নিয়ে যায়।

আব্দুল মান্নানকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তার স্বজনরা সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজরত দুই ভারতীয় নাগরিক শচীন দাস (৬০) ও নরতন বিশ্বাস (৩৫)-কে আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে হস্তান্তর করে। একই সময়ে বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন নবচন্দ্রপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে এবং দুই ভারতীয় নাগরিককে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি সীমান্তবর্তী কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করা যাবে না। 

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ