এক বাংলাদেশিকে আটকের জেরে দুই ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : ৪)

মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টা দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণ পর মান্নানের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করার সময় শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়।
এদিকে, দুই দেশের নাগরিক আটকের ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে তৎপর হয় বিজিবি ও বিএসএফ। বিষয়টি সমাধানে মঙ্গলবার দুপুরে দুই বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের কথা রয়েছে।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককেও তাদের দেশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের আরও সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কৃষিকাজের সময় কোনোভাবেই যেন কেউ ভুল করে বা অসতর্কতাবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করেন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ডেল্টা টাইমস/ আরএফ