রশিকতার সুরে ফুটবলারদের হুঁশিয়ারি দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

খেলাধুলা

জাতীয় দলের ফুটবলার হয়েও স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

2026-08-11T19:28:18+06:00
2026-08-11T19:28:18+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রশিকতার সুরে ফুটবলারদের হুঁশিয়ারি দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ০)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জাতীয় দলের ফুটবলার হয়েও স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচে অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রসিকতার সুরে জাতীয় দলের খেলোয়াড়দের পেশাদার আচরণ ও দেশের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, সরকার যেসব খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতা দিচ্ছে, তাদের এ ধরনের ম্যাচে অংশ নেওয়া কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়দের প্রথমে সতর্ক করার কথাও জানিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও পেশাদার চুক্তির অধীনে খেলছেন অনেক ফুটবলার। এর বাইরে স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচে জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের অংশ নেওয়ার বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে। টাঙ্গাইল ও ঝিনাইদহে গিয়ে এমন ম্যাচে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে দেখেছেন বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

গতকাল রাতে রাজধানীর কালশীতে সাংবাদিকদের একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক এই তারকা ফুটবলার।

আমিনুল হক বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখব, যেখানে আমরা খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়াভাতা প্রদান করছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে?’

তিনি বলেন, ‘দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি।’

খেপ ম্যাচে অংশ নেওয়া জাতীয় দলের খেলোয়াড়দের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনা করবেন বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলতে পারিনি। তবে আমি দ্রুতই তার সঙ্গে হয়তোবা দু-এক দিনের ভেতরে কথা বলব।’

খেপ খেলতে যাওয়া খেলোয়াড়দের বিষয়ে প্রথমে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আমিনুল হক বলেন, ‘যেই খেলোয়াড়েরা বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলেছে, সেই বিষয় নজরে এনে তাদেরকে সতর্ক করা, আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই। তারপর আমরা হয়তোবা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব।’

জাতীয় দলের একজন খেলোয়াড়ের কাছ থেকে আরও পেশাদার আচরণ ও দায়িত্বশীলতা প্রত্যাশা করেন বলেও জানান তিনি।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ