ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:

খেলাধুলা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনোকে সরানোর উদ্যোগ নেওয়া হলে সেটিকে ভয়াবহ ভুল হবে বলে মন্তব্য

2026-08-11T16:31:49+06:00
2026-08-11T16:33:28+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৩)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনোকে সরানোর উদ্যোগ নেওয়া হলে সেটিকে ভয়াবহ ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা বিতর্ক ও সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনোকে চমৎকার নেতা হিসেবে অভিহিত করেছেন তিনি।

আজ ( ১১ আগস্ট ) স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ কোনো কারণে যদি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তা করা হয়, তাহলে ফিফা ভয়াবহ ভুল করবে। ’

ইনফান্তিনোর নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের প্রস্তুতির প্রশংসা করে ট্রাম্প বলেন, বর্তমান ফিফা সভাপতি সবচেয়ে সফল বিশ্বকাপ পরিচালনা করেছেন। তার দাবি, এবারের বিশ্বকাপ আগের যেকোনো আসরের তুলনায় চার গুণ বড়।

ট্রাম্প আরও বলেন, ‘ যদি তিনি (ইনফান্তিনো) চলে যান, তাহলে এটা (বিশ্বকাপ) আর কখনো লাভের মুখ দেখবে না। ’

বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের বিভিন্ন অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। এমন পরিস্থিতিতেই তার পক্ষে সরাসরি অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার বিষয়টিও সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। সবশেষ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেন ইনফান্তিনো। এর পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা আলোচনা চলছে।

তবে ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন মার্কিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি ইউএস সকারও ফিফা সভাপতির বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি জানিয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বৈশ্বিক ফুটবল অঙ্গনেও সমালোচনার মুখে রয়েছেন ইনফান্তিনো। সম্প্রতি তিনটি প্রভাবশালী কনফেডারেশন, ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), একটি খোলা চিঠি প্রকাশ করেছে।

চিঠিতে ফিফা প্রধানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে আস্থা নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে। ফলে একদিকে যখন ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, অন্যদিকে তখন তার পাশে প্রকাশ্যে দাঁড়ালেন বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ইনফান্তিনোর নেতৃত্ব ও ফিফার ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ 










  এই ক্যাটেগরির আরো সংবাদ