প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ০)

ফাইল ছবি
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুরকে।
টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ এইচপি দল। নয় দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে ২১ আগস্ট এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
ঘোষিত স্কোয়াডে জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান, শামীম হোসেন ও আবু হায়দার রনি। পাশাপাশি দলে রাখা হয়েছে একঝাঁক তরুণ প্রতিভাকে। তাদের মধ্যে রয়েছেন জিসান আলম, এস এম মেহরব হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
লিগ পর্বে বাংলাদেশ এইচপি খেলবে মোট ছয়টি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপাল, হোবার্ট হারিকেনস, ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নিউজিল্যান্ড ‘এ’ এবং স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। পরদিন হোবার্ট হারিকেনসের বিপক্ষে মাঠে নামবে ইরফান শুক্কুরের দল।
এরপর ২৪ আগস্ট ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি। পরদিন ২৫ আগস্ট প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। এক দিনের বিরতি শেষে ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। একই দিনে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে এবার টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ এইচপি। ২০২৪ সালে প্রথমবারের অংশগ্রহণেই দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের দলটি। তবে শিরোপার লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয় তারা।
বাংলাদেশ এইচপি স্কোয়াডে আছেন, ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলায়েন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
ডেল্টা টাইমস/ আরএফ