শৌখিন ম্যাচে জাতীয় ফুটবলারদের খেলা নিয়ে বাফুফের হুঁশিয়ারি

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

এক মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুম শুরুর আগের বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলার জেলা পর্যায়ের বিভিন্ন শৌখিন

2026-08-09T19:34:15+06:00
2026-08-09T19:38:59+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

শৌখিন ম্যাচে জাতীয় ফুটবলারদের খেলা নিয়ে বাফুফের হুঁশিয়ারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুম শুরুর আগের বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলার জেলা পর্যায়ের বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট ও ম্যাচে অংশ নেন। সামাজিকতা, রাজনৈতিক অনুরোধ কিংবা কখনো অর্থের বিনিময়ে এসব ম্যাচে খেলতে দেখা যায় তাদের। তবে জাতীয় দলের ফুটবলারদের এমন ম্যাচে অংশগ্রহণ নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রোববার বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ফুটবলারদের শৌখিন ম্যাচে অংশগ্রহণের বিষয়ে সতর্ক করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘এ রকম বিষয় আমাদের সামনে এলে গুরুত্ব দিয়ে দেখব। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সেপ্টেম্বরে জাতীয় দলের ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে কিরগিজস্তানে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি ঢাকায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। শেষ পর্যন্ত বাংলাদেশ ঘরের মাঠে খেলবে, নাকি কিরগিজস্তানে যাবে, সে সিদ্ধান্ত নেবে জাতীয় দল কমিটি।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের জন্য দুই দেশের সম্মতি পেয়েছি। আবার কিরগিজস্তানেও আমাদের আমন্ত্রণ রয়েছে। জাতীয় দল কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নেব যে ঘরের মাঠে টুর্নামেন্ট করব নাকি বাইরে যাব। ’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর আগেই ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে তিনটি ক্লাব এখনো ফিফার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ১০ দল নিয়েই লিগ শুরু করার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে খেলা শুরু হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দশ দল লিগে অংশগ্রহণ করবে। ’

নিষেধাজ্ঞায় থাকা ক্লাবগুলোর সমস্যা সমাধানে বাফুফে ফিফার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তাবিথ। তিনি বলেন, ‘ফিফাকে আমরা চিঠি লিখেছি। কিন্তু ফিফা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে খুব শক্ত অবস্থানে। পার্ট পেমেন্টের সুযোগ আছে, যারা আমাদের সহায়তা চেয়েছে, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা মনে করেছে দরকার নেই, তারা যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। ’

ডেল্টা টাইমস/ আরএফ 









  এই ক্যাটেগরির আরো সংবাদ