প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার পাশাপাশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। শুধু মেসি নন, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে ও রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরও বিভিন্ন সময় হুমকি ও অনলাইন হয়রানির শিকার হয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের একটি নথির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নথি অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের অনুসরণ, অনলাইন হুমকি, বোমা হামলার সতর্কতা ও অন্যান্য নিরাপত্তাঝুঁকির একাধিক ঘটনা নথিভুক্ত করা হয়।
সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি ঘটে ২৮ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে। ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এবং তার সঙ্গে থাকা দুজনের কাছে হাতে তৈরি বোমা ও এআর-১৫ রাইফেল রয়েছে। পুলিশ কর্মকর্তা ও দুই দলের খেলোয়াড়দের লক্ষ্য করার হুমকির পাশাপাশি ওই নথিতে মেসির নামও উল্লেখ করা হয়।
৭ জুলাই আর্জেন্টিনা-মিসর ম্যাচের সময়ও মেসিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তি স্টেডিয়ামে ঢুকে মেসিকে লক্ষ্য করে হামলার কথা জানান। একই দিনে স্টেডিয়ামে তিনটি বোমা থাকার দাবিতে পুলিশকে ফোন করা হয়। পরে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে স্টেডিয়ামে তল্লাশি চালানো হয়।
এদিকে রোনালদোর হোটেলের তথ্য জানার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এমবাপে হন বর্ণবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী মন্তব্যের শিকার। আর আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর রেফারি লেতেক্সিয়েরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি বার্তা পাঠানো হয়।
বিশ্বকাপ চলাকালে এসব ঘটনা নজরদারিতে রাখে যুক্তরাষ্ট্রের এফবিআই ও ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন সেন্টার (আইপিসিসি)। ঘটনাগুলো বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ডেল্টা টাইমস/ আরএফ