আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক

2026-11-29T19:54:04+06:00
2026-11-29T19:54:04+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ০)
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
‎
‎রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই নির্দেশনা দেন।
‎
‎পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজু হওয়া মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
‎
‎সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো আহসান হাবীব পলাশ। 

সভাপতির বক্তব্যে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যুর মামলা দায়িত্বশীলতার সঙ্গে তদন্তের নির্দেশনা দেন তিনি। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।
‎
‎সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎এছাড়া সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ