শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,

2026-11-29T14:22:39+06:00
2026-11-29T14:22:39+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ০)

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুইজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।

ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ