অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ

2026-11-29T15:11:36+06:00
2026-11-29T15:11:36+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ০)

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি ও রাতের টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার বিপিডিবির ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকায় বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ছাড়া কাউকে এসব স্থানে ঢুকতে দেওয়া যাবে না। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও যথাযথভাবে মানতে বলা হয়েছে।

দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে তল্লাশি ও পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কেউ স্থাপনায় ঢুকতে পারবেন না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি নিয়ে প্রবেশকারীদের ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক।

দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আসার উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিস নিয়ে ঢোকার ক্ষেত্রেও যথাযথ তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনার সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা ও ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকা ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।

এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালন এবং নিরাপত্তাবাতি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে, নিরাপত্তা টহল বাড়াতে বলা হয়েছে। তদারকি কর্মকর্তাদের পরিদর্শনের তথ্য রেজিস্টারে লিখতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নিতে হবে।

স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখতেও বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ