দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গবেষণায় প্রণোদনা বাড়ানোর বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য আবাসিক হলের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে ছাত্রীদের আবাসনসংকট আরও প্রকট হচ্ছে। এ সমস্যা সমাধানে তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের কাছে গর্বের প্রতিষ্ঠান এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশে উচ্চশিক্ষার বর্তমান মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু করায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, এসব উদ্যোগের মাধ্যমে একটি সমন্বিত ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মানোন্নয়নে সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।