হাম ও ডেঙ্গুর প্রকোপে একদিনে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে তিনজন এবং ডেঙ্গুতে দুজনের

2026-11-29T17:24:16+06:00
2026-11-29T17:24:16+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাম ও ডেঙ্গুর প্রকোপে একদিনে ৫ জনের মৃত্যু
হাসপাতালে ভর্তি ২ হাজার ১৯৮
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে তিনজন এবং ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৮ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭৮ জন।  রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি এবং ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম বা হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম বা হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৬ জনে অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৬৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৬৮৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে। মৃত দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেলাসহ) মারা গেছেন ২৭০ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

হাম ও ডেঙ্গু—দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় শিশুদের টিকাদান, মশার প্রজননস্থল ধ্বংস এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ