প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৬:৩০ পিএম (ভিজিট : ৮)

সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ারের (CARE) সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশুবিষয়ক বিভিন্ন আইন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি ও প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন উদ্যোগসহ নানা বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, কেয়ার বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে কেয়ারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার করতে পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে নারীরা পারিবারিক ব্যয় ও সন্তানদের পড়াশোনার পাশাপাশি পারিবারিক সবজি বাগান করতে এবং উদ্যোক্তা হতেও কাজে লাগাতে পারবেন।
তিনি আরও বলেন, সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়াচ্ছে।
মন্ত্রী জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে।
এ সময় আর্ল আর মিলার ও রাম দাস বাংলাদেশে তাঁদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং চলমান নানা কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের তাঁরা ভূয়সী প্রশংসা করেন।