ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অর্থবছরের মধ্যেই এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ

2026-11-29T13:40:41+06:00
2026-11-29T13:40:41+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ০)

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অর্থবছরের মধ্যেই এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া দেশে চিকিৎসকের সংকট মোকাবিলায় দ্রুত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হবে। সেখানে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর চলতি অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেশে চিকিৎসকের ঘাটতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৮২ হাজার চিকিৎসকের সংকট রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসাসেবা উন্নয়নে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এসব যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজও ত্বরান্বিত করা হবে।

ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো জরুরি।

‘মোর কমন দ্যান ইউ থিংক’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ