প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৪:২৫ পিএম (ভিজিট : ১)

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একইসঙ্গে সহজ শর্তে ঋণ, কার্যকর প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ওমান প্যাভিলিয়নে ‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড় করা জরুরি। একইসঙ্গে সহজ শর্তে অর্থায়ন ও কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ও জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) আওতায় নেওয়া কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন।
পরিবেশমন্ত্রী উল্লেখ করেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম প্রধান চ্যালেঞ্জ অর্থায়নের ঘাটতি। আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হবে।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বিশেষ করে বৃহৎ জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।
অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা, আবহাওয়ার ধরনে পরিবর্তন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততার তীব্রতা ও নদীভাঙনের মতো সমস্যার কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পানিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন, ক্ষুদ্র ও স্থানীয় পর্যায়ের জলবায়ু প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা গেলেও বৃহৎ পরিসরে জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রশমন প্রকল্প বাস্তবায়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য করতে হবে।
আলোচনায় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সুরিনামের জন্য বনাঞ্চল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কার্বন ক্রেডিট থেকে সম্ভাব্য আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ পরিবেশ উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, দেশটির জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই