জলবায়ু ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীর হাতে পৌঁছানো নিশ্চিত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু পরিবর্তনের জন্য যাঁরা সবচেয়ে কম দায়ী, তাঁরাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও

2026-11-09T20:49:41+06:00
2026-11-09T20:49:41+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

জলবায়ু ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীর হাতে পৌঁছানো নিশ্চিত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের জন্য যাঁরা সবচেয়ে কম দায়ী, তাঁরাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহে মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হচ্ছে। বাস্তুচ্যুতি, খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা এবং স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মানসিক উৎকণ্ঠা বাড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীরা।

আজ সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি, অন্যায্যতা এবং উৎকণ্ঠা’ শীর্ষক জন-সংলাপে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। পবার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় সংগঠনটির কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী ধারণাপত্র উপস্থাপন করেন।

ধারণাপত্রে বলা হয়, জলবায়ু সংকটের প্রভাব শুধু ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি, মৎস্য, জীবিকা, নারীর নিরাপত্তা, জনস্বাস্থ্য ও শিক্ষার ওপরও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষ, নিম্ন আয়ের জনগোষ্ঠী, নারী, শিশু ও তরুণেরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও জনগোষ্ঠীর তুলনায় ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের ওপর ক্ষতির বোঝা অনেক বেশি। দেশের অভ্যন্তরেও শহর-গ্রাম, ধনী-দরিদ্র এবং সুবিধাভোগী ও প্রান্তিক মানুষের মধ্যে বৈষম্য বাড়ছে। এ সংকট মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিরাপদ পানি আন্দোলনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিরাপদ পানি কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি মানুষের মৌলিক অধিকার। জলবায়ু পরিবর্তনের জন্য যাঁরা বেশি দায়ী নন, তাঁদের ওপর ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বলেন, জলবায়ু ন্যায়বিচার, সমতা ও বৈষম্যহীনতার কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ নানা সংকটে পড়ছেন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকেন্দ্রিক সাময়িক তৎপরতার পরিবর্তে সারা বছর কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্যের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, সাশ্রয়ী চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি জোরদার করার সুপারিশ করেন।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। ফলে মানুষ ঘরবাড়ি ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছেন। তাই সুন্দরবন সুরক্ষার পাশাপাশি উপকূলের জীবন-জীবিকার উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল বলেন, জলবায়ু সংকটের প্রকৃত চিত্র ও তথ্য-উপাত্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে সুসংগঠিত স্বেচ্ছাসেবী উদ্যোগ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

আরও বক্তব্য দেন পবার সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ডেল্টা ইকো ফাউন্ডেশনের শওকত হোসাইন খান, ত্রিবেনীর মো. নিজাম উদ্দিন, বারসিকের পরিচালক কামরুজ্জামান সাগর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, আন্তর্জাতিক নজরুল গবেষণা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভী, গ্রিনফোর্সের সদস্য শাহনাজ আক্তার প্রমুখ।

সংলাপে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করা, জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দেওয়া, বন্যা-সহনশীল ঘরবাড়ি ও লবণাক্ততা-সহনশীল ফসলের প্রসার এবং জাতীয় জলবায়ু সুরক্ষা তহবিল গঠনের সুপারিশ করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অন্যতম নির্ধারক হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়। এ ছাড়া জলবায়ু পরিকল্পনা ও বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন এবং জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্যব্যবস্থা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ