
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও কার্বন নিঃসরণ কমাতে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রেসিডেন্সি। বর্তমানে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ প্রায় ২৩ শতাংশ। পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে এ লক্ষ্য অর্জন করতে চায় সম্মেলনের আয়োজকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ বা বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের আওতায় এ লক্ষ্য ঘোষণা করা হয়। ‘৩৫ বাই ৩৫’ নামে পরিচিত এ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং জ্বালানি সংরক্ষণব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
আয়োজকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা বাড়বে, জ্বালানির সুযোগ সম্প্রসারিত হবে এবং খরচ ও কার্বন নিঃসরণ কমবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরেনা)-এর বিশ্লেষণের ভিত্তিতে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংস্থা দুটির বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিদ্যুতায়নের গতি বাড়ানো জরুরি।
‘সুইচ চালুর মুহূর্ত’
কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, বিদ্যুতায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বৈশ্বিক লক্ষ্য ছিল না। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সেই ঘাটতি পূরণ করবে।
তিনি বলেন, ‘এ বছরের জ্বালানিসংকট আমাদের আত্মতুষ্টি থেকে ঝাঁকুনি দিয়ে জাগিয়েছে এবং আমদানিনির্ভরতার অন্তর্নিহিত ঝুঁকি দেখিয়ে দিয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার, নিঃসরণ হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক অর্থনীতির বিদ্যুতায়ন এখন অপরিহার্য।’
কুরুম আরও বলেন, ‘বিদ্যুতের যুগ আকার নিচ্ছে। কপ৩১ মনে রাখা হবে সেই মুহূর্ত হিসেবে, যখন আমরা সুইচটি চালু করেছিলাম।’
কপ৩১-এর আলোচনাবিষয়ক প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ পাঁচ ভাগের এক ভাগ থেকে বাড়িয়ে তিন ভাগের এক ভাগের বেশি করতে হবে। দ্রুত বিদ্যুতায়নের জন্য শুধু উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ যথেষ্ট নয়; প্রয়োজন বিনিয়োগ, অবকাঠামো ও কার্যকর পরিকল্পনা। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী গ্রিড ও বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা গেলে আবাসন, পরিবহন ও শিল্প খাতে জ্বালানির সুযোগ বাড়বে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার ও নিঃসরণ কমানো সম্ভব হবে।
বিনিয়োগ বাড়াচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো
বিদ্যুতায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ‘ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স’ (ইউএনইজেডএ) গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে তাদের বার্ষিক বিনিয়োগ প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে।
জোটের সহসভাপতি ও এসএসই পিএলসির প্রধান নির্বাহী মার্টিন পিবওয়র্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর উপায় নয়, এটি বিদ্যুৎ বিল কমানো, জ্বালানি নিরাপত্তা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোরও পথ। নীতিনির্ধারকদের কাছ থেকে ‘৩৫ বাই ৩৫’ অঙ্গীকার একটি গুরুত্বপূর্ণ সংকেত। এ লক্ষ্য বাস্তবায়নে ইউটিলিটি খাত বিনিয়োগ করতে প্রস্তুত।
এদিকে ‘উইমেন ইন বিজনেস কোয়ালিশন’-এর উদ্যোগে ১৮০টির বেশি কোম্পানি বিদ্যুতায়নের পক্ষে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি। সমর্থনকারীদের মধ্যে রয়েছে ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্স।
জোটের প্রধান নির্বাহী মারিয়া মেন্দিলুচে বলেন, যেসব দেশ বিদ্যুতায়নকে সাশ্রয়ী ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে দ্রুত পদক্ষেপ নেবে, তারা ভবিষ্যতের শিল্প বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। যারা পিছিয়ে থাকবে, তারা দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ হারানোর ঝুঁকিতে পড়বে।
উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়নে অর্থায়ন বাড়াতে সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি অর্থায়নকারীদের নিয়ে নতুন আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামের এ জোটের ২০২৭ সালের উদ্বোধনী সহসভাপতির দায়িত্ব পালন করবে বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সঙ্গে কৌশলগত অংশীদারত্বও গড়ে তুলেছে কপ৩১ প্রেসিডেন্সি। সংস্থাটি বিদ্যুতায়নের অর্থায়ন এবং দ্রুত পদক্ষেপের অর্থনৈতিক সুযোগ নিয়ে দুটি বিশ্লেষণধর্মী নোট প্রকাশ করবে।
ওইসিডির মহাসচিব মাথিয়াস করম্যান বলেন, বিভিন্ন দেশে, এমনকি দীর্ঘদিন স্থবিরতার পর উন্নত অর্থনীতির দেশগুলোতেও বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ও সংরক্ষণব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। তাঁর মতে, সুস্পষ্ট ও পূর্বানুমানযোগ্য নীতি, কার্যকর বিধিবিধান এবং লাভজনক প্রকল্পের তালিকা থাকলেই প্রয়োজনীয় মাত্রায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব।
গ্রিড উন্নয়ন ও নজরদারিতে আইইএ-আইরেনা
বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে আইইএ ও আইরেনা। বৈশ্বিক ও আঞ্চলিক বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালু করবে আইইএ।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রেই ব্যয়সাশ্রয়ী। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে আইরেনা ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ (ডি-গ্রিডস) কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন, গ্রিডে বিনিয়োগের চাহিদা নির্ধারণ, প্রকল্প তৈরি ও অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেবে।
সংস্থাটির মহাপরিচালক ফ্রান্সেস্কো লা কামেরা বলেন, বৈশ্বিক বিদ্যুতায়ন উদ্যোগের অবকাঠামোগত ভিত্তি হিসেবে ডি-গ্রিডস কর্মসূচির নেতৃত্ব দিতে পেরে তাঁরা সন্তুষ্ট।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ৩১ প্রেসিডেন্সি। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে ফোরামের কার্যক্রম চলবে। ‘ইলেকট্রিফিকেশন বোর্ড’ এ ফোরাম পরিচালনা করবে। বোর্ডের সভাপতিত্ব করবে কপ৩১ প্রেসিডেন্সি এবং সচিবালয়ের দায়িত্ব পালন করবে আইইএ।
জীবাশ্ম জ্বালানির সংকটের বাড়তি খরচ
গ্লোবাল রিনিউয়েবলস অ্যালায়েন্সের (জিআরএ) প্রধান নির্বাহী ব্রুস ডগলাস বলেন, সাম্প্রতিক জীবাশ্ম জ্বালানিসংকটের কারণে আমদানিকারক দেশগুলোর প্রতিদিন বাড়তি ১ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।
তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতায়ন ভোক্তাদের জীবাশ্ম জ্বালানির উচ্চ ও অস্থির দাম থেকে সুরক্ষা দিতে পারে। কপ৩১-এর ফলাফল হিসেবে শিল্প, ভবন ও পরিবহন খাতে বিদ্যুতায়নের জন্য বিশ্বাসযোগ্য জাতীয় পরিকল্পনা প্রয়োজন, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করবে।
মঙ্গলবার জিআরএর উদ্যোগে বিভিন্ন দেশের সরকার তাদের জাতীয় বিদ্যুতায়ন পরিকল্পনা তুলে ধরছে।
উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সুযোগ
বিদ্যুতায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনমান উন্নয়ন এবং জ্বালানি স্বনির্ভরতা অর্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এ বিষয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া ‘সাসটেইনেবল এনার্জি ফর অল’ (এসইফরঅল)-এর সহযোগিতায় ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর বিদ্যুতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি দেশের বিদ্যুতায়নের পথ ও চ্যালেঞ্জ আলাদা হবে।
এসইফরঅলের প্রধান নির্বাহী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডামিলোলা ওগুনবিই বলেন, বিদ্যুতায়ন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন ও জ্বালানি স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি করে।
পণ্য পরিবহনে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ
বিশ্বব্যাপী পণ্য পরিবহনে কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক পরিবহন ফোরামের সঙ্গে যৌথভাবে ‘গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালুর ঘোষণা দিয়েছে কপ৩১ প্রেসিডেন্সি।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের পরবর্তী দিনগুলোতে আরও কয়েকটি উদ্যোগ ঘোষণা করা হবে। ১২ নভেম্বর সহনশীল নগর, ১৩ নভেম্বর অর্থায়ন এবং ১৬ নভেম্বর শিল্পবিষয়ক আলোচনায় নতুন ঘোষণা আসার কথা রয়েছে। বিদ্যুতায়নের গতি বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেবেন।
বৈশ্বিক জলবায়ু কর্মের অগ্রগতি
মারাকেশ অংশীদারত্বের ১০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ২০২৬ সালের ‘ইয়ারবুক ফর গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ প্রকাশ করা হয়েছে। এতে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৮৩টি সহযোগিতামূলক উদ্যোগের আওতায় ২০০টির বেশি পদক্ষেপের তথ্য ‘নাজকা’ প্ল্যাটফর্মে জমা পড়েছে। এসব উদ্যোগের ৮৪ শতাংশের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
কপ৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। দুই সপ্তাহের এ সম্মেলনে বিদ্যুতায়নের পাশাপাশি জলবায়ু অর্থায়ন, শিল্পায়ন ও সহনশীল নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নতুন উদ্যোগ ও অঙ্গীকার ঘোষণার কথা রয়েছে।