মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরে সর্বকালের সেরা রোনালদো

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই ফুটবল বিশ্বে বহুদিনের। এবার ব্যালন ডি’অরজয়ী সেরা মৌসুম নির্বাচনে ভক্তদের ভোটেও

2026-10-29T12:21:04+06:00
2026-10-29T12:21:04+06:00
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরে সর্বকালের সেরা রোনালদো
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ০)

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই ফুটবল বিশ্বে বহুদিনের। এবার ব্যালন ডি’অরজয়ী সেরা মৌসুম নির্বাচনে ভক্তদের ভোটেও আর্জেন্টাইন মহাতারকাকে পেছনে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার। ফ্রান্স ফুটবল আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ (বোট) ভোটে শীর্ষস্থান পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স।

বুধবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় হয়েছেন মেসি।

তার ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি রয়েছে তালিকার দুই নম্বরে। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন তারকা।

তবে ভক্তদের ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর জয়ের বছর ২০০৮। বোটের চূড়ান্ত তালিকার প্রথম ১২টি স্থান ভাগাভাগি করেছেন রোনালদো ও মেসি।

তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর ২০১৭ সালের পারফরম্যান্স, চতুর্থ স্থানে মেসির ২০২৩ সালের পারফরম্যান্স। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন রোনালদো, যথাক্রমে ২০১৬ ও ২০১৪ সালের পারফরম্যান্স নিয়ে। সপ্তম স্থানে মেসির ২০১৫, অষ্টম স্থানে রোনালদোর ২০১৩, নবম স্থানে মেসির ২০১১ এবং দশম স্থানে মেসির ২০০৯ সালের পারফরম্যান্স।

তালিকায় ১৩তম স্থানে উঠে এসে রোনালদো-মেসির আধিপত্য ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। তার ২০০২ সালের ব্যালন ডি’অরজয়ী পারফরম্যান্স এই অবস্থান পেয়েছে।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ভোটের আয়োজন করে ফ্রান্স ফুটবল। এর লক্ষ্য ছিল, ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের কোন বছরের পারফরম্যান্স সর্বকালের সেরা, তা ভক্তদের ভোটে নির্ধারণ করা। একাধিকবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ কিংবদন্তি ফুটবলারের বিভিন্ন বছরের পারফরম্যান্স ছিল মনোনয়নের তালিকায়।

এই তালিকায় রোনালদো ও মেসির পাশাপাশি ছিলেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো।

প্রচলিত ব্যালন ডি’অরের মতো আন্তর্জাতিক সাংবাদিকদের ভোটে নয়, এই উদ্যোগে ভোট দিয়েছেন সমর্থকেরা। তবে ভোট দিতে জনপ্রতি এক ইউরো ফি দিতে হয়েছে। পাশাপাশি ভোটদাতাদের জন্য ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগ রাখা হয়েছিল। একজন একাধিকবার ভোট দিতে পারতেন।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার ভোট দেন, ৩০০ জন পাঁচ থেকে নয়বার এবং ৪৪ জন ১০ থেকে ২৬ বার ভোট দিয়েছেন।

তবে এই উদ্যোগকে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক কোনো নতুন পুরস্কার হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত ভক্তদের ভোটে সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচনের একটি আয়োজন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ