ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র 'ডি' ইউনিটের পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সভায় পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা ও পরীক্ষা গ্রহণের প্রস্তুতিসহ ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গুচ্ছভুক্ত পরীক্ষার ক্ষেত্রে গুচ্ছ নিয়ন্ত্রক কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার বিষয়ে সবাই একমত হন।
গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী ইবিতে গুচ্ছের সম্ভাব্য তারিখ হিসেবে প্রাথমিকভাবে ১৯, ২০ ও ২৭ মার্চ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে এসব তারিখ পরিবর্তন হতে পারে।
ভর্তি কমিটি জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
ডেল্টা টাইমস/এ আর খালিদ/সিআর