৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টস নামের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।শনিবার (৩

2026-10-03T19:13:56+06:00
2026-10-03T19:13:56+06:00
শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৮)

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টস নামের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার পর প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজে যোগ দেয়। ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও জানান, সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়াবহতা, আকৃতি ও প্রকৃতি দেখে আরও ইউনিটের সহায়তা চাওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, ভবনের ছাদে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সুউচ্চ ভবন থেকে উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ভেতর ও ভবনের ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিন আহমেদ বলেন, ভবনের তৃতীয় তলার চারপাশ কাচ দিয়ে ঘেরা এবং সেখানে গুদাম থাকায় আগুন নির্বাপণের কাজ ঝুঁকিপূর্ণ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করে প্রচণ্ড তাপ উপেক্ষা করে বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসা মানেই পুরোপুরি নির্বাপণ নয়। গুদামে বিপুল পরিমাণ ফেব্রিক্স থাকায় সেগুলো সরিয়ে সরিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লাগবে।


তিনি আরও বলেন, আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কি না, কীভাবে আগুনের সূত্রপাত এবং কারখানায় কোনো ত্রুটি ছিল কি না—আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত খোঁজ নিয়ে তা জানা যাবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ