গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম (ভিজিট : ১৩)

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে মেট্টিক্স গার্মেন্টস নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকার মেট্টিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।