প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ৭)

সংগৃহীত ছবি
নিজ নির্বাচনী এলাকায় এসে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে চিকিৎসাসেবা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে তিনি নিজে রোগী দেখেন। নির্বাচনী এলাকার চার উপজেলা থেকে আসা অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের চিকিৎসাসেবাসহ সাধ্যমতো সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একজন চিকিৎসক হিসেবে তাঁর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী বলেন, ‘মন্ত্রী আমাদের এলাকার মানুষ। এত ব্যস্ততার মধ্যেও নিজ গ্রামে এসে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আমার মতো অনেক গরিব-দুঃখী মানুষ, নারী, পুরুষ, বয়স্ক ও শিশুরা তাঁর কাছে এসে অসুস্থতার কথা বলে চিকিৎসাসেবা পাচ্ছেন।’
৬৭ বছর বয়সী আদিবাসী নারী অলকা মুরমুও মন্ত্রীর কাছ থেকে চিকিৎসাসেবা নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘ছয় দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছি। মন্ত্রী আমাকে ভালোভাবে দেখেছেন এবং সুস্থ হওয়ার জন্য বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এর আগেও পেটের ব্যথার জন্য তাঁর কাছে চিকিৎসা নিয়েছিলাম। তখনও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি।’