ভোররাত ও সকালের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক। এতে বেলা বাড়লেও দোকানপাট খুলতে পারেননি ব্যবসায়ীরা। একই সঙ্গে এ এলাকার প্রধান সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এছাড়া ঢাকা কলেজের সামনে হাঁটু পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিউমার্কেট সংলগ্ন সব এলাকায় জলাবদ্ধতার এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ভারী বর্ষণে নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ ঢাকা কলেজে আশেপাশে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ মার্কেটের সামনে সড়ক পানিতে ডুবে যাওয়ায় দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। মিরপুর সড়কে হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় যানচলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও সড়ক ও মার্কেটের ফুটপাত পানিতে ডুবে থাকায় পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। এ সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

পথচারী রায়হান উদ্দীন বলেন, নিউমার্কেটে এসে জলাবদ্ধতার কারণে রাস্তা পার হয়ে অপর পাশে যেতে পারছি না। এই পানির মধ্যে হাঁটাচলা করা অত্যন্ত কষ্টকর, তাই রিকশা খুঁজছি। সরকার নানা প্রতিশ্রুতি দিলেও সিটি করপোরেশনের কর্মীরা মূলত সঠিকভাবে কাজ করেন না। পানি নিষ্কাশনের লাইনগুলো বন্ধ হয়ে গেছে বলেই পানি আটকে আছে; নর্দমাগুলো পরিষ্কার রাখলে এক ঘণ্টার মধ্যেই পানি নেমে যেত।
তিনি বলেন, সিটি করপোরেশনে সবাই জলাবদ্ধতা নিয়ে অভিযোগ করে। তাদের সততার সঙ্গে কাজ করা উচিত। সিটি করপোরেশনের পরিদর্শক যারা আছেন, তাদের তদারকি ঠিকমতো থাকলে এই সমস্যা হতো না। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়া দরকার ছিল, কিন্তু কারও কোনো খেয়াল নেই। কর্মচারীরাও খোঁজখবর রাখেন না। মূল কথা হলো—তাদের অবহেলার কারণেই আমাদের সাধারণ জনগণকে চরম কষ্ট পোহাতে হচ্ছে।
ঢাকা কলেজ শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, একটু বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যে পানি জমে আছে এগুলো বেশিরভাগ ড্রেনের ময়লা পানি। যার কারণে অনেকসময় আমাদের পায়ে বিভিন্ন ধরনের চুলকানির মতো রোগ হয়। দীর্ঘদিন থেকে এই জলাবদ্ধতা সৃষ্টি হলেও কলেজ প্রশাসন বা সিটি কর্পোরেশনের কোনো কার্যকর পদক্ষেপ নেই। আমরা আশা রাখি, কলেজ প্রশাসন দ্রুত এটা নিয়ে একটা ভালো পদক্ষেপ নেবে এবং স্টুডেন্টদের ভোগান্তি থেকে মুক্তি দেবে।
ঢাকা কলেজের সামনে জলাবদ্ধতার বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এজন্য আমরা আজই সিটি কর্পোরেশনকে এ সমস্যা সমাধানের জন্য চিঠি দেব।
ডেল্টা টাইমস/সিআর/এমই