ঢাকার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
রাজধানীর মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক এসব ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিন রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে দেখা যায়।
খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর মধ্যে জগন্নাথ হল গেট এলাকায় দুটি এবং পরে টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।