গুলশানের ওসি-ডিসির পর এবার এডিসিকেও বদলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম (ভিজিট : ০)

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার বদলি করা হয়েছে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে ওঠে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরই পর্যায়ক্রমে গুলশানের ডিসি, ওসি ও এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।