প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ৪)

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ঢাবি শাখা ছাত্রদল নেতারা
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আবদুল মালেকের ছবি টানানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতারা।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব আন্দোলনে নেতৃত্বদানকারী ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও আবদুল মালেকের মতো বিতর্কিত ব্যক্তিদের ছবি সংযোজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত দিয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে উপাচার্য তাদের উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এর আগেও একই ধরনের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির পক্ষপাতী হলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রাখবে।
তিনি আরও বলেন, শুধু ছবি অপসারণ নয়, এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও উপাচার্যের কাছে জানানো হয়েছে। অন্যথায় সংগঠনটি কঠোর কর্মসূচি বিবেচনা করবে।
ছাত্রদল নেতারা ডাকসু সংগ্রহশালায় বিতর্কিত ব্যক্তিদের ছবি সংযোজনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।