প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৭:১৩ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই সংশোধনী নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন।
শনিবার (১২ সেপ্টেবার) বিকেলে যশোরের পিটিআই হলরুমে চাকরি মেলা সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়েছে। এখন এটাকে অনেকেই হেবা আইনের লঙ্ঘন বলছেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, হেবা আইনে টাচ করার ক্ষমতা এ জগতে কারো নেই।
তিনি বলেন, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে আনা সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা কিংবা অন্য কোনো আইনে যে কোনো ধর্মের সম্পত্তি হস্তান্তর এ সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না। কোনো আইনের আওতায় দান, উইল কিংবা যে কোনো প্রকারে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও এই সংশোধনী বাধা সৃষ্টি করতে পারবে না। এ নিয়ে আর বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এ চাকরি মেলার আয়োজন করে। আয়োজক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। ২২ হাজার আবেদনের বিপরীতে এসব প্রতিষ্ঠান ১ হাজার ১১৫ জনকে চাকরি দিয়েছে। প্রধান অতিথির কাছ থেকে চাকরিপ্রাপ্তরা নিয়োগপত্র গ্রহণ করেন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি