পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন সচেতন। স্বৈরাচারের দোসরেরা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা উসকানি দিয়ে ‘মব কালচার’ সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি এ দেশের মাটিতে থেকে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকেছে। শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে, লাখো নেতা-কর্মীকে কারাগারে পোরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল একটুও ভাঙতে পারেনি।’
এর আগে বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি