তিন বছরেও মাঠ সংস্কার হয়নি, জাবির প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের খেলার মাঠ ও অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক

2026-09-06T18:43:17+06:00
2026-09-06T18:43:17+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

তিন বছরেও মাঠ সংস্কার হয়নি, জাবির প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৩)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের খেলার মাঠ ও অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক (রেজিস্ট্রার) ভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভবনের সামনে ক্রিকেট খেলে ব্যতিক্রমীভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। রবিবার (৬ সেপ্টেম্বর) চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের মাঠ ও বিভিন্ন অবকাঠামো সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণ কাজের সময় আ ফ ম কামালউদ্দিন হলের একমাত্র খেলার মাঠটি ক্ষতিগ্রস্ত হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর মাঠটি পুনরায় সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেওয়ার কথা থাকলেও গত তিন থেকে চার বছরেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে দীর্ঘদিন ধরে হলের আবাসিক শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলে খেলার মাঠসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও কামালউদ্দিন হলে এখনো প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ঘাটতি রয়েছে। হলের অভ্যন্তরে চলাচলের জন্য পর্যাপ্ত সংযোগ-রাস্তাও নেই। ফলে শিক্ষার্থীদের চলাচলের পাশাপাশি বাইক ও অন্যান্য যানবাহন চলাচলেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।

এর আগে, চার দফা দাবি বাস্তবায়নের জন্য গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় আ ফ ম কামালউদ্দিন হল সংসদ।

আবাসিক শিক্ষার্থীরা জানান, হলের মাঠ সংস্কারের কাজ শুরু করাসহ চার দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের অবস্থান ও প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—হলের চতুর্থ তলার সম্পূর্ণ ছাদ সংস্কার ও ওয়াশরুমের পাশে থাকা ১৯টি কক্ষের দেয়ালে টাইলস স্থাপন, হলের মধ্যবর্তী অংশে অভ্যন্তরীণ সংযোগ-রাস্তা নির্মাণ, দ্রুত হলের খেলার মাঠ সংস্কারের কাজ শুরু করা এবং হলের চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী পুনঃস্থাপন।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবরার হোসেন বলেন, “হল সংসদ গঠনের আগ থেকেই এবং দায়িত্ব গ্রহণের পর গত এক বছর ধরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে এসব দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে বিষয়গুলো পিছিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এ অবস্থায় বাধ্য হয়ে আমরা গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবন অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”










  এই ক্যাটেগরির আরো সংবাদ