চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সাতজনকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ কর্ম-সহায়ক কার্যক্রমের (গাক) সরবরাহ করা রুটি ও ডিম খাওয়ার পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে স্কুল ফিডিংয়ের রুটি ও ডিম খাওয়ার পর ৭-৮ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, ঘটনাটি তদন্তে সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে গাকের চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী কবির হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং টাঙ্গাইল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
এর আগে বিভিন্ন বিদ্যালয়ে প্রতিষ্ঠানটির সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। নষ্ট ও পচা খাবার সরবরাহের অভিযোগে একবার প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানা গেছে। এ ছাড়া এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি