কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে বের হয়ে আর বাড়ি ফেরেননি রুবেল হোসেন (২৫) নামে এক যুবক। পরদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরের ধানখেত থেকে তাঁর ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ( ৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট নিলুরখামার কাশিরবিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই এলাকার ভোলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন রুবেল। রাত পেরিয়ে ভোর হলেও তিনি বাড়ি ফেরেননি। পরে সকাল ১১টার দিকে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে ধানখেতে বৈদ্যুতিক খুঁটির পাশে রুবেলের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল।
স্থানীয়দের ধারণা, মাছ ধরতে যাওয়ার পথে বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশ উদ্ধারের সময় পর্যন্ত পরিবারের কোনো সদস্য ঘটনাস্থলে আসেননি বলে জানিয়েছে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কেউ এখনো থানায় যোগাযোগ করেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি