দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম (ভিজিট : ২)

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে কলারোয়ার শুভ দাসের মরদেহ প্রায় চার মাস পর দেশে ফিরেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ বাড়িতে পৌঁছালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া।
পরে দুপুরে স্থানীয় শ্মশানে তার সৎকার করা হয়।
নিহত শুভ দাস কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মাত্র ২৩ বছর বয়সে যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় রুটি বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি কর্মী নিহত হন। তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তারা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।
প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান শুভ।
ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস ও ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে এবং বসতভিটাসহ দুই শতক জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন।
চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন ও বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন শুভ।
শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভর মরদেহ দেশে ফেরানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর রবিবার তার মরদেহ বাড়িতে পৌঁছায়।
এদিকে ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শুভর বাবা-মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ার স্বপ্ন দেখা তরুণ ছেলেকে হারিয়ে তাঁদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা বলেন, ২০২৩ সালে জমিজমা বিক্রি করে শুভ লেবাননে যান। গত ১২ মে ড্রোন হামলায় তিনি নিহত হন। প্রায় চার মাস পর তার মরদেহ বাড়িতে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতার দাবি জানান তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভর মরদেহ রবিবার সকাল পৌনে ১০টার দিকে শ্রীপতিপুরে তার বাড়িতে পৌঁছেছে। দুপুরে স্থানীয় শ্মশানে তার সৎকার সম্পন্ন হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি