একাদশে কোটায় আবেদন নিয়ে সতর্কতা, যোগ্যতা না থাকলে ভর্তি বাতিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির ক্ষেত্রে শিক্ষা কোটা (EQ-1 ও EQ-2) এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদন নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যোগ্যতা না থাকা সত্ত্বেও এসব কোটায় আবেদন করে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত ভর্তির সময় তা বাতিল করা হবে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী, শিক্ষা কোটা দুই ধরনের। EQ-1 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা আবেদন করতে পারবেন। আর EQ-2 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত ২৮টি দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা আবেদন করার সুযোগ পাবেন।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরাও EQ-2 কোটায় আবেদন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। এ কোটায় শুধু বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানেরা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা এ কোটায় আবেদন করার সুযোগ পাবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীকে চূড়ান্ত ভর্তির সময় সংশ্লিষ্ট কোটার পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। একই সঙ্গে মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। একইভাবে শিক্ষা কোটার ক্ষেত্রেও আবেদনকারীর অভিভাবকের চাকরির পরিচয় ও কোটার যোগ্যতা যাচাই করা হবে।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের কোটার যোগ্যতা ভালোভাবে নিশ্চিত হয়ে আবেদন করার আহ্বান জানিয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুলভাবে কোনো কোটা নির্বাচন করে আবেদন করলে এবং তাতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত ভর্তির সময় সেই নির্বাচন বাতিল করা হবে।
এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট কোটার শর্ত ও নিজের যোগ্যতা যাচাই করে সঠিক কোটা নির্বাচন করার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ডেল্টা টাইমস/ আরএফ