জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'জিওসায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় আমাদের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। প্রকৃত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে; মানুষ, প্রাণী, উদ্ভিদজগৎ এবং প্রকৃতির সমগ্র জীবন্ত অংশের স্বার্থ ও অধিকারকে সমানভাবে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে সমন্বয় না থাকলে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ভূতাত্ত্বিক সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পৃথিবী নিশ্চিত করতে হবে।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঞা, সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন এবং সদস্য-সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমসহ সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সায়েন্টিফিক সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ভূতাত্ত্বিক বিজ্ঞান, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এ্যালামনাই এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই জাতীয় পর্যায়ের সেমিনারের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ভূবিজ্ঞানভিত্তিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর