এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেল মাঠপর্যায়ের কর্মকর্তারা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা আরও বিকেন্দ্রীকরণ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অনলাইনে

2026-08-13T16:15:29+06:00
2026-08-13T16:15:29+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেল মাঠপর্যায়ের কর্মকর্তারা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা আরও বিকেন্দ্রীকরণ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা জন্মতারিখ সংশোধনের আবেদন এখন মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারাও নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।

তবে শিক্ষা সনদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর জারি করা সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

এ ছাড়া জন্মতারিখ সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিল করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিএমএসে (কেস ম্যানেজমেন্ট সিস্টেম) বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন হওয়া কার্যক্রম নিয়মিত মনিটরিং করবেন। এ ক্ষেত্রে দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যাচাই করে সেগুলো যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তার প্রতিবেদন নির্ধারিত ছকে তৈরি করতে হবে। পরে প্রতিবেদনটি পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।

অন্যদিকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখের পাশাপাশি নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।

পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে, জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম, এই তথ্যগুলোর সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

এ নির্দেশনার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেল্টা টাইমস/ আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ