নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া উঠছে মন্ত্রিসভায়

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। এ সংক্রান্ত সচিব কমিটি

2026-08-13T14:50:34+06:00
2026-08-13T14:50:34+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া উঠছে মন্ত্রিসভায়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। এ সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন বাড়ানোর পরিকল্পনা নেই। গ্রেডভেদে বৃদ্ধির হার কিছুটা ভিন্ন হতে পারে। বিশেষ করে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ( ১২ আগস্ট )  মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। খসড়া পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন ধরা হবে। এরপর ধাপে ধাপে এর পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে।

তবে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের পর তাতে পরিবর্তন আসতে পারে। কমিটির সদস্যরা জানিয়েছেন, মন্ত্রিসভা প্রয়োজন মনে করলে প্রস্তাবের বিভিন্ন অংশ কাটছাঁট করতে পারে। একই সঙ্গে কতটি ধাপে এবং কীভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এদিকে নবম পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগের বেতন-ভাতা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব বিষয় নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিচার বিভাগসহ বিভিন্ন খাতের বেতন কাঠামোর সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়টি নিষ্পত্তির পরই নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা আরও স্পষ্ট হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর বাস্তবায়নের ধাপ, গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির হার এবং অর্থের সংস্থান সম্পর্কে বিস্তারিত সিদ্ধান্ত জানা যাবে।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ