রাষ্ট্রপতির দৌড়ে আরও একধাপ এগিয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম (ভিজিট : ০)

ছবি: ডেল্টা টাইমস
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়ে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলীয় প্রার্থী মির্জা ফখরুলই কার্যত দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন।
আজ বৃহস্পতিবার ( ১৩ আগস্ট ) দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শেষ হলে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়েও দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।
এদিকে সংসদের বিরোধী দল ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন জোট নেতারা।
তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি নির্বাচনে সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি কার্যত আরও একধাপ এগিয়ে গেলেন।
ডেল্টা টাইমস/ আরএফ