প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:২৩ পিএম (ভিজিট : ৩)

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ মার্কিন ব্যবসায়ীদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার। ’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,‘ বাংলাদেশে বিনিয়োগের জন্য বড় ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ সুবিধা। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকার নিয়ন্ত্রণমুক্তকরণ, ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির দিকে এগোচ্ছে।’
তিনি বলেন, ‘ আমাদের ছয় মাস বয়সী, ভবিষ্যৎমুখী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং ব্যবসা সম্প্রসারণ করুক।’ একই সঙ্গে বিনিয়োগকারীদের সাফল্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন,‘ বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা স্থানান্তর সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অবকাঠামো, বন্দর, লজিস্টিকস ও জ্বালানি নিরাপত্তার উন্নয়নেও কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘ সরাসরি বিদেশি বিনিয়োগের পাশাপাশি যৌথ উদ্যোগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কিংবা পরামর্শক সেবার মাধ্যমেও বাংলাদেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণকে স্বাগত জানাবে সরকার।
দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রপ্তানি-আমদানি সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বকে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকার খাতে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয় দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে।
মার্কিন ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে আমাদের পুরো সরকারকে আপনাদের অংশীদার হিসেবে বিবেচনা করুন। আমরা শুনতে, সাড়া দিতে এবং সহযোগিতা করতে এখানে আছি।’
তিনি বলেন, ‘ সরকারের লক্ষ্য শুধু বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণ করা নয়; বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা। ’
প্রধানমন্ত্রী মার্কিন ব্যবসায়ীদের আস্থা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা কর্মসংস্থান সৃষ্টি করি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াই এবং আপনাদের কোম্পানিগুলোর সমৃদ্ধ উপস্থিতি নিশ্চিত করি। আসুন, আমরা একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করি এবং একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ে তুলি।’
মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী তাদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
ডেল্টা টাইমস/ আরএফ