প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় চলাচলকারী তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে এসব যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার জন্য একটি সমন্বিত কর্তৃপক্ষ নির্ধারণ এবং বিদ্যমান বিধিমালা সংশোধনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত ও উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় ই-রিকশার ক্রমবর্ধমান সংখ্যা, নগর পরিবহনে এর ভূমিকা, যানজট, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও অংশীজনেরা ই-রিকশা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,‘ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সঠিকভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হলে নগরীর যানজট কমানোর পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। ’
তিনি বলেন, ‘ ই-রিকশার জন্য স্থানীয় সরকারের আওতায় নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু করা প্রয়োজন। এর ফলে একদিকে এসব যানবাহনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। ’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশা ব্যবস্থাপনায় যেন আলাদা আলাদা নিয়মের পরিবর্তে সমন্বিত ব্যবস্থা কার্যকর করা যায়, সে লক্ষ্যে একটি একক লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিদ্যমান বিধিমালা প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। ’
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এ সংশ্লিষ্ট কয়েকটি ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। ওই বিধিমালা ১৭ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/ আরএফ