প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৭:৩৪ পিএম (ভিজিট : ৭)

ছবি: সৌজন্যে
হামের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার ( ১২ আগস্ট ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে ইউনিসেফ আয়োজিত রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন,‘ হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জন নগরবাসী, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তর সিটি এলাকায় কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে। ’
তিনি বলেন,‘ প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখব।’
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,‘ হামের টিকার মাধ্যমে যেভাবে শিশুদের সুরক্ষা দেওয়া হয়েছে, একইভাবে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকা প্রদানের মাধ্যমে নারীসমাজকে সুরক্ষিত করা হবে।’ জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসী ডিএনসিসিকে জানালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা করা হবে ’ নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/ আরএফ